জয়ী হলো টিম আলফা, ডিজি ট্রি ও স্মার্ট ডাক্তার
প্রথম সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন-২০২০ সেরা উদ্ভাবক দল- টিম আলফা। ওয়েব ভিত্তিক প্যারামেডিক সার্ভিস বিষয়ক অ্যাপ তৈরি করে এই জয় পেয়েছে সাইয়েদা ফাহিমা জান্নাতের ছয় সদস্যের দল।
প্রথম রানার্স আপ হয়েছে ডিজি ট্রি। এ দলের নেতৃত্ব দিয়েছে তারেক মাহমুদ। তারা তৈরি করেছে মেশিন লার্নিং ভিত্তিক আইনি সহায়তার ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট।
টেলিমেডিসিন সেবায় ‘স্মার্ট ডাক্তার’ প্রকল্পে মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন টিম ডার্ক লাইট দ্বিতীয় রানার্স আপ হয়েছে।
স্থানীয় আবহাওয়ার খবর দেয়ার চ্যাটবট তৈরি করে স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছে ফারজানা রহমানের নেতৃত্বাধীন ব্লুবার্ড।
রবিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন সিটিও ফোরাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্-আল-মামুন।
ভার্চুয়াল সমাপনীতে প্রধান অতিথি ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। এসময় জনতা পার্ক ছাড়া যে কোনো হাইটেক পার্কে সিটিও ফোরামের জন্য স্থান বরাদ্দের ঘোষণা দেন তিনি।
সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসাইন।
সিটিও ফোরাম বাংলাদেশের কার্যকরি পরিষদের সদস্য মোহাম্মাদ আসিফ সঞ্চালনায় ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফেসিলিটেশন- ইয়েফ গ্লোবালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী হাসান রবিন এবং আমাজন ওয়েব সার্ভিসের অ্যামাজন ওয়েব সার্ভিসের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট রামেশ দ্বারকানাথ এবং সল্যুশন আর্কিটেকচার লিডার মোহাম্মদ মাহাদী উজ-জামান।
অংশগ্রহণকারী দলগুলোর মেন্টিরিংয়ের দায়িত্ব পালন করেন মোঃ মাহমুদুর রহমান, কাজী ইমদাদুল ইসলাম অনিক এবং পার্থ সারাথি কুন্ডু।